raafkhata

raafkhata বইয়ের নাম: raafkhata

লেখক: রাসয়াত রহমান
জনরা: উপন্যাস
পৃষ্ঠা সংখ্যা: ১০১
আদী প্রকাশন
মুদ্রিত মূল্য: ১৭৫ টাকা
ব্যক্তিগত রেটিং: ৩/৫
.
.
--
আমি বলেছিলাম অর্বাচীনরাও মাঝেমাঝে গুরুত্বপূর্ণ কিছু করে ফেলে।
--
অর্বাচীন মানে কি আংকেল?
--
যে অপরিপক্ক। ইংরেজিতে বলে ইম্যাচিউর।

গল্পকথকের নাম তমাল। ছাত্র হিসেবে অবাধ্য, আলুথালু, মধ্যমমানের। পড়াশোনা, ভবিষ্যত- তমালের সবই অগোছালো। তার বাবা মায়ের ভাষায় সে 'ইম্যাচিউর'।
তমালের বেস্ট ফ্রেন্ড রাফি। রাফি ঠিক তমালের উল্টো। পড়াশোনা, ভবিষ্যতপরিকল্পনা সবেতেই রাফি তমালের বড় ভাই পিয়ালের মত, সবাই যাদেরকে বলে 'আদর্শ বালক'।

তো 'ইম্যাচিউর' তমালের জীবনে প্রথম প্রেম আসে যখন সে কলেজে পড়ে। মেয়েটির নাম নিশি। বেশ তালগোল পাকিয়ে নিশির সাথে বন্ধুত্ব হয় তমালের, কিন্তু পরিণতি হয় না। নিশি থেকে যায় তমালের প্রথম প্রেম হিসেবে।

এইচএসসি পরীক্ষার রেজাল্টে বাবা মায়ের আশানুরূপ রেজাল্ট করতে পারেনা তমাল। তার আদর্শ বালকবন্ধু রাফির চান্স হয়ে যায় বুয়েটে, আর নিশির হয় দিনাজপুর মেডিকেলে। এতসব আদর্শের ভীড়ে তমাল যখন চিড়েচ্যাপ্টা তখন জানতে পারে রাফির সাথে সম্পর্কে জড়িয়েছে নিশি। দূর‍ত্ব বাড়ে নিজের সবচেয়ে কাছের বন্ধুর সাথে।

ইম্যাচিউর তমাল দিকভ্রান্ত হয়ে যায়। তবে জীবনের খেঁই হারিয়ে ফেলে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে পড়াশোনা করে সে। শুরু করে 'ডোন্ট কমিট সুইসাইড' নামে একটি প্রতিষ্ঠান। পড়াশোনার পাশাপাশি নিজের কাজ করতে থাকে। তবে সময়ে অসময়ে আসে নানান উত্থান-পতন। ইম্যাচিউর তমাল কতটুকু সামাল দিতে পারে সেগুলো? রাফি, নিশি- এদেরই বা কী পরিণতি হয়?

অনেকবছর পর তমালের মেয়ে অর্পিতা খুঁজে পায় তার বাবার রাফখাতা যেখানে রাফের বানান লেখা 'Raaf'. অর্বাচীন তমাল স্মৃতিচারণ করে সেসব ঘটনাগুলোর যা সে তার রাফ খাতায় লিখে রেখেছে।
.

ব্যক্তিগত মতামত:
বইটি লেখকের লেখা প্রথম উপন্যাস। গল্পের কাহিনী বর্ণিত হয়েছে গল্পকথকের জবানিতে। সাধারণ সাবলীল গল্প। একজন মানুষ তার দৈনন্দিন জীবন সম্পর্কে ডায়েরিতে সাধারণত যেভাবে লেখে সেভাবেই গল্প লেখা হয়েছে। সে হিসেবে বইটির নামকরণ যথার্থ। চমৎকার কিছু পাঞ্চলাইন আছে এবং শেষদিকে প্রত্যেকটি চরিত্রের একটি সুন্দর পরিণতি আছে।

যা ভালো লাগেনি তা হলো গল্পে কিছু কিছু শব্দের বাহুল্য ঘটেছে, যেমন, আদর্শ বালক, ইম্যাচিউর, অর্বাচীন। এ শব্দগুলো বারবার পড়ায় বিরক্তি ধরছিল। রাফি এবং তমাল বেস্ট ফ্রেন্ড হলেও শুরু থেকে দু বন্ধুর মধ্যকার আবেগ আমার 'বেস্ট ফ্রেন্ডোচিত' লাগেনি। আর আদর্শ বালক টার্মটাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে মনে হয়েছে লেখকের ব্যক্তিগত ক্ষোভ রয়েছে এর উপর (অফেন্সিভ হবেন না)। লেখনশৈলি অতি সাবলীল। কোনো ভণিতা নেই, শব্দের অযথা নড়াচড়া নেই। সেভাবে হিসেব করলে উপন্যাস হিসেবে বেশ ঝরঝরে হয়ে গেছে।

হ্যাপী রিডিং।

Anika Aneri




Post a Comment

0 Comments